টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া পৌরসভার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য ও প্রবাসী সমাজসেবক মোহাম্মদ জুবাইদুল করিম। তাঁর ব্যক্তিগত উদ্যোগে প্রথম ধাপে বন্যাকবলিত ২০০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পেকুয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বকসু চৌকিদারপাড়া, দক্ষিণ বকসু চৌকিদারপাড়া, বটতলীয়াপাড়া, দিয়াপাড়া এবং মাতবরপাড়ার আংশিক এলাকার পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
প্রতিটি ত্রাণ প্যাকেজে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলু, চিড়া, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে প্রবাসী জুবাইদুল করিমের ছোট ভাই এম. দিদারুল করিম বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। কেউ যেন খাদ্যসংকটে না থাকে, সে লক্ষ্যেই প্রবাসী জুবাইদুল করিমের পক্ষ থেকে প্রথম ধাপে ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, দেশের বাইরে অবস্থান করলেও জুবাইদুল করিম সবসময় নিজ এলাকার মানুষের খোঁজখবর রাখেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে তিনি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ. এম. এমরান আহমেদ, এবি ব্যাংকের কর্মকর্তা ওবাইদুর রাশেদ, বিএনপি নেতা আমিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক বন্যায় এলাকার বহু পরিবার কর্মহীন হয়ে পড়েছে এবং খাদ্যসংকটে ভুগছে। এমন পরিস্থিতিতে প্রবাসী জুবাইদুল করিমের উদ্যোগে বিতরণ করা খাদ্যসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দিয়েছে।
