জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

টেকনাফের হোয়াইক্যংয়ে ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে হোয়াইক্যং চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় প্রশিক্ষিত ডগ ‘রকি’-র সহায়তায় তল্লাশি চালান। এ সময় গাড়ির সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা চারটি প্যাকেট থেকে ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে সিএনজি চালককে হাতেনাতে আটক করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

আটক চালক হলেন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা এলাকার নুরুল ইসলামের ছেলে ছৈয়দ করিম (৩৪)।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক সিএনজি চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”