সিবিএন ডেস্ক;
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দুই দিনের সরকারি সফরে শুক্রবার কক্সবাজার আসছেন। সফরকালে তিনি চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন। মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এরপর তিনি চকরিয়া উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা দিনব্যাপী পরিদর্শন করবেন। পাশাপাশি দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ এবং চলমান ত্রাণ কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন। রাতে পেকুয়া উপজেলার নিজ বাসভবনে রাত্রিযাপনের কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন, শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় পেকুয়া উপজেলার বিভিন্ন বন্যাপীড়িত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন তিনি। পরে দুপুর ১২টায় মাতামুহুরী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
একই দিন রাত ৮টার কিছু পর আকাশপথে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
