এম. মনছুর আলম, চকরিয়া;
কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
অনুষ্ঠানের শুরুতে মহান জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা কুতুবউদ্দিন হেলালী এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রামবিষয়ক সহ-সম্পাদক আবদুল কাদের প্রাইম।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন।
