পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে পেকুয়া পৌরসভার এবিসি আঞ্চলিক মহাসড়কের নন্দীরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা হেলাল উদ্দিন নামে অপর এক যুবক আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত মানিক উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। তিনি পেকুয়া বাজারের জেনারেল হাসপাতালের ফার্মেসির দায়িত্বে কর্মরত ছিলেন। এলাকায় তিনি একজন ভদ্র, সৎ ও মিষ্টভাষী যুবক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নন্দীরপাড়া নদীতে কয়েকজন বন্ধু মাছ ধরছিলেন। তাদের সঙ্গে আড্ডা দিতে মানিক এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে পেকুয়া বাজার থেকে নন্দীরপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে নন্দীরপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মানিক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মানিকের অকাল মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
