জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে বিজিডি-১১৩৩ সিপাহী ডগ ‘চেরী’-এর সহায়তায় বিজিবি সদস্যরা ৮ হাজার ৮১০ পিস ইয়াবা উদ্ধার করেছেন। এ ঘটনায় একটি পিকআপ জব্দ এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারগামী একটি মালবাহী পিকআপ (রেজি. নং- ঢাকা মেট্রো-ট ১৩-১৫৯৪) নিয়মিত তল্লাশির জন্য দমদমিয়া চেকপোস্টে থামানো হয়। তল্লাশির সময় বিজিডি-১১৩৩ সিপাহী ডগ ‘চেরী’ গাড়িটিতে মাদকদ্রব্য থাকার বিষয়ে স্পষ্ট সংকেত দেয়।
এরপর পিকআপটির চালক ও হেলপারের আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮ হাজার ৮১০ পিস ইয়াবা উদ্ধার করেন। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত পিকআপটি ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— জামালপুর জেলার ইসলামপুর থানার কুমিদার গ্রামের মৃত বৈদা শেখের ছেলে মো. নুর ইসলাম (৪২) এবং একই গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. রুবেল (২৫)।
২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা ইয়াবাসহ আটক দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধ প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
