পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি পেকুয়া উপজেলার নন্দীরপাড়া, মগনামা ও টৈটং ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্লুইসগেট উন্মুক্তকরণ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে এলাকার কৃতী সন্তান ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে পরামর্শক্রমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভায়ও আলোচনা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে না আনা পর্যন্ত সরকার তাদের পাশে থাকবে।” পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সুবিধার্থে এনজিও ঋণের কিস্তি সাময়িকভাবে স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত মৎস্য ও লবণচাষিদের জন্য প্রণোদনা দেওয়ার আশ্বাস দেন। এছাড়া ভেঙে যাওয়া ঘরবাড়ির তালিকা প্রস্তুত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সরকারি সহায়তা প্রদান করা হবে বলেও জানান।
বন্যায় দুর্ভোগে থাকা মানুষের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নিজেদের অসহায় মনে করবেন না। সরকার আপনাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।”
তিনি আরও জানান, ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে এবং সরকার পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সুলভ মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হবে।
কৃষি খাতের ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উঁচু স্থানে বীজতলা তৈরি করে কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হবে, যাতে তারা দ্রুত কৃষিকাজে ফিরতে পারেন।
এছাড়া ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য পশুপালন খাতে বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
এ সময় জেলা প্রশাসক আবদুল মান্নানসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
