জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে র্যাবের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে র্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার মিঠাপানির ছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের জাহালিয়াপাড়া এলাকার শমসু মিয়ার ছেলে মো. আজিজ খান (২৩) এবং ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের লেদা এলাকার ৪০৩৪৪৩ এফসিএনধারী মৃত হোসেন আহমদের ছেলে নুরুল আমিন (৩৪)।
এ সময় তাদের কাছ থেকে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১৫-এর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
