পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের এয়ার আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদুর্গত ৫৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
ত্রাণ বিতরণ শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উইং কমান্ডার মো. মোনোয়ারুল ইসলাম বলেন, “যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে দায়িত্ব পালনে বাংলাদেশ বিমান বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুর্যোগের এ সময়ে বিমান বাহিনীর তাৎক্ষণিক সহায়তা পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বন্যাদুর্গত এলাকার বাসিন্দারা।
