বার্তা পরিবেশক:

কক্সবাজারের বিশিষ্ট সমাজ সংস্কারক, শিল্প উদ্যোক্তা, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শহরের টেকপাড়া নিবাসী মরহুম আলহাজ্ব ফয়েজ আহমদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী ১৪ জুলাই। ২০২৫ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

মরহুম আলহাজ্ব ফয়েজ আহমদ চৌধুরী ১৯৩০ সালের ৩ জানুয়ারী রামুর রশিদ নগর ইউনিয়নের ধলিরছড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মাধ্যমিকের গন্ডি পেরিয়ে তিনি ব্যবসার উদ্দেশ্যে মায়ানমারে গমন করেন। কয়েক বছর তিনি রেংগুনের মানদিলিতে ব্যবসা করে সুনাম অর্জন করেন।
তিনি ১৯৫২ সালে দেশে ফিরে আসেন। ‘৫৪ সালে একই এলাকার নবাব আলী চৌধুরীর কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

জীবদ্দশায় তিনি বিশিষ্ট ঠিকাদার, শিল্প উদ্যোক্তা ছিলেন। তিনি দ্যা কক্সবাজার সোপ ফ্যাক্টরি ও দাউদ পেট্রোলিয়াম লিমিটেডের কক্সবাজারের পরিবেশক ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের দীর্ঘ তিন যুগের কার্যকরী পর্ষদের সদস্য ও কক্সবাজার চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

তিনি ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে কক্সবাজারে জাগদল প্রতিষ্ঠার অন্যতম সংগঠক ছিলেন।

এছাড়া কক্সবাজারে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ১৯৬৪ সালে কক্সবাজার সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, রামু সরকারি কলেজ প্রতিষ্ঠায় ভূমি দাতা ছিলেন। রামু নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে রশিদ নগর আজিজিয়া দাখিল মাদ্রাসা। তাছাড়া মরহুম ফয়েজ আহমদ চৌধুরী অসংখ্য মসজিদ, মক্তব প্রতিষ্ঠায় অগ্রগণ্য ভূমিকা পালন করেন।

মরহুম ফয়েজ চৌধুরীর চার পুত্র, এক কন্যার সবাই স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাঁর জেষ্ঠ্য পুত্র অধ্যাপক আজিজুর রহমান কক্সবাজারের রাজনীতির মাঠের অতি পরিচিত, জনপ্রিয় মুখ। তিনি কক্সবাজার জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক।মেঝ ছেলে আতিকুর রহমান এনজিও এবং তৃতীয় ছেলে সাদেকুর রহমান ঢাকায় টকশো ব্যক্তিত্ব। ছোট ছেলে জিয়াদ রহমান কম্পিউটার বিজ্ঞানী, থাকেন জার্মানীতে। আর একমাত্র কন্যা, সবার বড় সাজেদা আক্তার আমেরিকা প্রবাসী।

জীবদ্দশায় সফল কর্মবীর মানুষ, মরহুম আলহাজ্ব ফয়েজ আহমদ চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকীতে দিনব্যাপী কর্মসূচির কথা জানিয়েছেন উনার জেষ্ঠ্য পুত্র বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ অধ্যাপক আজিজুর রহমান। কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার তাঁরই প্রতিষ্ঠিত রশিদ নগর আজিজিয়া দাখিল মাদ্রাসায় খতমে কোরআন, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে তবররুক বিতরণ। পরিবারের সদস্যরা মরহুম আলহাজ্ব ফয়েজ আহমদ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।