নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার জুমছড়ি এলাকায় একটি তালাবদ্ধ ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।
সোমবার (১৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সমন্বয়ে জুমছড়ি এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি তালাবদ্ধ ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও গোয়েন্দাভিত্তিক ও যৌথ অভিযান অব্যাহত রাখবে।”
