সিবিএন ডেস্ক;

কক্সবাজারের রামু ও সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) তিনি রামু ও সদর উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সদর ও রামু উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে শুকনা খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিশুদ্ধ খাবার পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এছাড়া পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের হাতে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ছাত্রদল সবসময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থাকবে।”

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ফাহিম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মাদু, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ নুর জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালমান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা।