এম. মনছুর আলম, চকরিয়া:

অতি ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যার পানির তোড়ে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের হারগাজা ছড়ার সড়ক ভেঙে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

ঘটনার বিষয়টি স্থানীয় দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারকে অবহিত করলে তিনি সোমবার (১৩ জুলাই) দুপুরে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান।

পরিদর্শনকালে ইউএনও ভাঙনকবলিত স্থান ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের আশ্বাস দিয়ে তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে।

পরে ইউএনও বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) আবু তৈয়ব, স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।