নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যার পানিতে সাঁতার শেখার সময় আতাউল্লাহ (২০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পটিয়ার জামেয়া আল-ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।
রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার বরইতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শান্তির বাজারসংলগ্ন ছড়ার পূর্বকূল ফতেহ আলী সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আতাউল্লাহ ওই এলাকার মাওলানা নেছার আহমদের ছেলে।
বরইতলী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নসিম হেজাজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, টানা ছয় দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে এলাকাটি প্লাবিত হয়। রোববার বিকেলে মায়ের সঙ্গে কথা বলে বাড়ির পাশের খালি জমিতে জমে থাকা পানিতে সাঁতার শিখতে নামে আতাউল্লাহ। একপর্যায়ে পানির স্রোতে তলিয়ে যায় সে।
পরে পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আতাউল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করলেও তিনি সাঁতার জানতেন না। সাঁতার শেখার চেষ্টা করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যাওয়ায় তার এই মর্মান্তিক মৃত্যু ঘটে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব জানান, পানিতে ডুবে মারা যাওয়া মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক অনুদান ও জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।
