সংবাদ বিজ্ঞপ্তি :
টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পাহাড়ধসে নিহত রোজিনা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম. রাশেদুল করিম রাশেদ। তিনি নিহতের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান করেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা করেন।

এ সময় তিনি দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। তিনি বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শুনে তাদের প্রতি সমবেদনা জানান।

পরিদর্শনকালে এম. রাশেদুল করিম রাশেদ বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আপনারা কেউ একা নন। হতাশ বা আতঙ্কিত হবেন না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং দাতা সংস্থাগুলোর প্রতি দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।