ইমাম খাইর, সিবিএন:
পানিবন্দি মানুষের খাদ্য ও চিকিৎসাসহ সরকার সবধরণের সহায়তা করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
তিনি বলেন, পানিবন্দি মানুষের দুর্ভোগ কমে না আসা পর্যন্ত সব ধরনের সাহায্য করবে সরকার।
এর জন্য যত বরাদ্দ লাগে তাও দিতে প্রস্তুতি রয়েছে। দুর্গত কোনো মানুষ সরকারি সহায়তা থেকে বাদ পড়বে না।
রোববার (১২ জুলাই) বিকেলে চকরিয়া উপজেলার ঘুনিয়া এলাকায় অবস্থিত আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বন্যা পরবর্তী পুনর্বাসন ও সংস্কারকাজসহ ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন চকরিয়ায় পৌঁছে বিভিন্ন দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক মো. আ. মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ও রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীসহ প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।