এম. মনছুর আলম, চকরিয়া:

টানা অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে দুই উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। চারদিকে থৈথৈ করছে বন্যার পানি। ভয়াবহ এ দুর্যোগের মধ্যে চকরিয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা হামেম মাস্টারপাড়া এবং উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের জলদাশপাড়ায় পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা হামেম মাস্টারপাড়া এলাকার আবুল কাসেমের দেড় বছর বয়সী ছেলে মোহাম্মদ হাসান এবং কৈয়ারবিল ইউনিয়নে বসবাসকারী সজিব জলদাশ (১২)। সজিব কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার তুফান জলদাশের ছেলে। তিনি কৈয়ারবিল ইউনিয়নে তাঁর নানি রূপী দাশের সঙ্গে বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ছয় দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রামীণ সড়ক, ধানের বীজতলা, মাছের ঘের, সবজিক্ষেত ও ফসলি জমি তলিয়ে গেছে।

এ অবস্থায় পরিবারের অজান্তে বাড়ির সামনের জলাশয়ে পড়ে বন্যার পানিতে ডুবে যায় শিশু মোহাম্মদ হাসান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, শনিবার বিকেলে কৈয়ারবিলের সোনাইছড়ি ছড়া খালে হঠাৎ বন্যার তীব্র স্রোতে তিন কিশোর ভেসে যায়। তাদের মধ্যে দুজন প্রাণে বাঁচলেও সজিব জলদাশ নিখোঁজ হয়। নিখোঁজের পর উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা টানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ডুবুরি দলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করেন।

দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। তারা নিহত দুই শিশুর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, বন্যার পানিতে ডুবে নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে বলে তিনি জানান।