স্টাফ রিপোর্টার, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের (প্রস্তাবিত ৭ নম্বর ওয়ার্ড) বন্যাকবলিত ও পানিবন্দি ৪০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। রোববার (১২ জুলাই) প্রথম ধাপে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাজ্জাদুল ইসলাম এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় পৌরসভার মৌলভীপাড়া, মাইজপাড়া, সুতা বেপারীপাড়া এবং শেখেরকিল্লাঘোনা পাড়ার একাংশের বন্যাদুর্গত মানুষের কাছে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতির বিষয়ে কথা বলেন।

সাজ্জাদুল ইসলাম বলেন, “গত এক সপ্তাহের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় পুরো পেকুয়া উপজেলাই প্লাবিত হয়েছে। বিশেষ করে পৌরসভার প্রস্তাবিত ৭ নম্বর ওয়ার্ডের অধিকাংশ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক বাড়িঘরে পানি প্রবেশ করায় রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।”

তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। এই দুর্যোগে মানুষের দুর্বিষহ কষ্ট আমাকে তাদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে। মূলত বিবেকের তাড়নায় বানভাসি মানুষের পাশে ছুটে এসেছি। পর্যায়ক্রমে ওয়ার্ডের অবশিষ্ট এলাকাগুলোতেও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে।”

এ সময় তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী এবং বিভিন্ন মানবিক ও সামাজিক সংগঠনের প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, “মানুষের এই দুঃসময়ে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। সম্মিলিত উদ্যোগেই আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে পারব।”