এম. মনছুর আলম, চকরিয়া:

টানা ছয় দিনের অবিরাম ভারী বর্ষণ এবং মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

রোববার (১২ জুলাই) দুপুরে জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শামীম কবীর, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান, শাহীন মুরাদ, শেখাব উদ্দিনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি চকরিয়ার কৈয়ারবিল ও বরইতলী এবং পেকুয়া উপজেলার টইটং, পেকুয়া সদর ও নন্দীরপাড়াসহ বিভিন্ন এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ ও খাদ্যসামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি পানিবন্দি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

পুলিশ সুপার বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে জেলা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।