নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:
টানা ছয় দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা মাতামুহুরী নদীর পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যার পানিতে কক্সবাজারের চকরিয়ায় স্রোতে ভেসে নিখোঁজ হওয়া সজীব জলদাস (১২) নামে এক শিশুর মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের পর থেকে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ তৎপরতায় টানা উদ্ধার অভিযান চালানো হয়। রবিবার বিকেলে ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে।
কৈয়ারবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার আহমদ জানান, শনিবার বিকেলে কৈয়ারবিল সোনাইছড়ি ছড়া খালে হঠাৎ বন্যার পানির তীব্র স্রোতে তিনজন শিশু ভেসে যায়। তাদের মধ্যে দুজন প্রাণে বাঁচলেও সজীব জলদাস পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।
নিহত সজীব জলদাস কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল পাড়ার তুফান জলদাসের ছেলে। সে কৈয়ারবিল ইউনিয়নে তার নানি রূপী জলদাসের সঙ্গে বসবাস করত। শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে বাইরে বের হলে নদীর পানির স্রোতে পড়ে নিখোঁজ হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব জানান, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে মরদেহ পরিবহনের অ্যাম্বুলেন্স ভাড়াসহ নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা এবং জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
