এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া;

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

ত্রাণ বিতরণকালে তারা বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, চেয়ারম্যান ছৈয়দ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে ইউএনও পান্না আক্তার বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। উপজেলা প্রশাসন দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

এ সময় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।