সিবিএন ডেস্ক;

কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টানা তৃতীয় দিনের মতো ত্রাণসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তিনি প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

রোববার (১২ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন।

তিনি বলেন, “বিপদে মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বন্যায় মানুষ চরম দুর্ভোগে রয়েছে, অনেকেই ঘরবাড়ি হারিয়েছেন। এই সংকট কাটিয়ে না ওঠা পর্যন্ত আমি তাদের পাশে থাকব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেক স্বস্তির। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।