সিবিএন ডেস্ক;
কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকাসহ দুই সন্দেহভাজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, তারা মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে দেশে ফেরার পথে আটক হন।
রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তের গুইল্লাখালী পয়েন্টে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন, উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে লুকমান হাকিম (২৫) এবং পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার আজিম উদ্দিনের ছেলে আবছার উদ্দিন (২৮)। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজিবির দাবি, তারা মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে বাংলাদেশে ফিরছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “মিয়ানমারে সার ও ভোজ্যতেল পাচার করে ফেরার পথে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
