জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে বন্যাকবলিত ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া গ্রামের বন্যার্ত পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ, পিবিজিএম, বিজিবিএমএস।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা এবং বিজিবির অন্যান্য কর্মকর্তারা।

ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সীমান্তে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্তবর্তী জনগণ বিজিবির প্রতি আস্থা রাখছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে। বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।