নাছির উদ্দিন সোহেল, মহেশখালী;
টানা বর্ষণ ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মহেশখালী উপজেলার হোয়ানক, কালারমারছড়া ও মাতারবাড়ি ইউনিয়নের দুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।
রোববার (১২ জুলাই) উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় এমপি আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদান করা হবে, যাতে কোনো অসহায় পরিবার সহযোগিতা থেকে বঞ্চিত না হয়।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুতের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের সমন্বয়ে পর্যায়ক্রমে খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় মানবিক সহায়তা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা সরকারি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগকবলিত মানুষের জন্য তাৎক্ষণিক খাদ্য সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদি পুনর্বাসন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহের টানা বর্ষণ ও অতিবৃষ্টিতে মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিতভাবে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
