কক্সবাজার, ৫ জুলাই: চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, কক্সবাজার হয়ে মিয়ানমার এবং চীন পর্যন্ত এই করিডোর কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে সরকার বিভিন্ন দিক পর্যালোচনা করছে। তবে জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

শনিবার (৪ জুলাই) বিকেলে কক্সবাজারে দক্ষিণ এশিয়ান একাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপ-এর তিনদিনব্যাপী একাডেমি প্রোগ্রামের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, আঞ্চলিক সংযোগ এবং কৌশলগত স্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে বর্তমান সরকার মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি চীনসহ বিভিন্ন প্রভাবশালী দেশের সঙ্গে বহুপাক্ষিক পর্যায়েও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সরকার এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায়, যাতে রোহিঙ্গারা নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায়।

এ সময় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।