প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষার্থীরাই সারাবিশ্বে বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। খেলাধুলার মাধ্যমে আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আমাদের ক্রিকেট টিমকে সারা বিশ্ব চিনে। বাংলাদেশের ক্রিকেট টিমকে চিনে বলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে চিনে। সব কিছুর ভেতর দিয়ে বাংলাদেশকে তোমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। একটাই প্রতিজ্ঞা করতে হবে আমরা যারা বড় আছি আমাদের চেয়ে তোমাদেরকে বাংলাদেশকে বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের চেয়ে ডাবল, ট্রিপল.. বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কি পারবে না, পারবে তোমরা।

শনিবার (২০ জুন) আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল, হকি , টেনিস ও সুইমিং দিয়ে বাংলাদেশকে চিনবে। সারা বিশ্বে তোমরা বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে।

খুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীরাই পারবে বাংলাদেশকে স্ট্রং দেশ হিসেবে গড়ে তুলতে। ছোট বন্ধুরা তোমাদের শুধু খেললেই হবেনা। তোমাদের মধ্যে অনেকই আছো যারা খেলতে পারো , পড়ালেখা করতে পারো একই সঙ্গে ভালো গান গাইতে পারো , ভালো ছবি আঁকতে পারো ভালো বাজনা বাজাতে পারো আবার ভালো কোরআন কেরাত প্রতিযোগিতা করতে পারো। আমি চাই তোমরা শুধু খেলাধুলা নয় পড়ালেখা, কালচারসহ সব বিষয়ে পারদর্শী হতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ। তোমরা যদি সব কিছুতেই নিজেদের পারদর্শী করতে পারো তাহলেই আমরা সুন্দর বাংলাদেশ স্ট্রং বাংলাদেশ গড়ে তুলতে পারবো।