লেখক: উলফাত রানা,  সাধারণ সম্পাদক, কক্সবাজার বন্ধুসভা

কক্সবাজার বন্ধুসভার মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) কক্সবাজার নিউজ (সিবিএন)-এর সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নারী বন্ধুদের সৃজনশীলতা বিকাশে “বাংলাদেশে নারীর উন্নয়নে আমার ভূমিকা” শীর্ষক রচনা প্রতিযোগিতা এবং যুব বন্ধুদের উৎসাহিত করতে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। এছাড়া আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বন্ধুদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সংগঠনের সদস্যসংখ্যা বৃদ্ধি, নিয়মিত পাঠচক্র আয়োজন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সম্প্রসারণ, পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক আয়োজন নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। এ সময় বক্তারা বলেন, বন্ধুসভাকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

সংগঠনের সাধারণ সম্পাদক উলফাত রানার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল নবী। তিনি বলেন, “বন্ধুসভার কার্যক্রম শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজ পরিবর্তনে তরুণদের ইতিবাচক ভূমিকা রাখার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আগামী দিনের কর্মসূচিগুলো সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত সদস্যরা আসন্ন কর্মসূচিগুলো বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং বন্ধুসভার কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মারগোব মূর্শেদ, সাংগঠনিক সম্পাদক উগ্য মারমা, অর্থ সম্পাদক হুমায়ুন কবির আজিজ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আয়েশা ছিদ্দিকা তাসকিয়া, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুবিনুর রশিদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন আবির, সদস্য এম.আর. সিফাত, নাবেদুল হক আদেল, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ সোহাগ, সরকারি কলেজ বন্ধুসভার সভাপতি মোহাম্মদ সোবহান, সহ-সভাপতি দূর্জয় ধর, বন্ধু সুচিত্র সুশীলসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভা শেষে আগামী কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।