নাছির উদ্দিন সোহেল, মহেশখালী:
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সক্রিয় দালাল চক্রের দৌরাত্ম্য রোধ এবং ফার্মেসিগুলোর অনিয়ম বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের হয়রানির অভিযোগে পরিচিত দালালদের তৎপরতার ওপর নজরদারি চালানো হয়। একই সঙ্গে বিভিন্ন ফার্মেসিতে ওষুধ সংরক্ষণ, বিক্রয় ও লাইসেন্স সংক্রান্ত বিষয় যাচাই-বাছাই করা হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ মজুদ এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় দুটি ফার্মেসিকে সর্বমোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে হাসপাতাল এলাকায় দালাল চক্রের কার্যক্রম নির্মূল, রোগীদের হয়রানি বন্ধ এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করে জানান, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় দালাল চক্রের দৌরাত্ম্য এবং কিছু ফার্মেসির অনিয়ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল। প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে রোগীরা নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে সক্ষম হবেন।
স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন স্থানীয়রা।
