পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

বুধবার (১৭ জুন) ভোর ৫টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী পেন্ডারপাড়া এলাকায় বাহাদুরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা পরিবারের সদস্যরা দ্রুত বাইরে বের হয়ে প্রাণে রক্ষা পেলেও ঘরের আসবাবপত্র, মালামাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আগুনে পুড়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য ফয়সাল আকবর জানান, বাহাদুর দিনমজুরি করে পরিবার চালান। আগুনে তার বসতঘরসহ সর্বস্ব পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

ভুক্তভোগী পরিবার জানায়, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে তারা মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন।