রামু প্রতিনিধি:

ডিএসকের উদ্যোগে শিশু সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) ডিএসকে-বিএমজেড প্রকল্পের উদ্যোগে পালংখালী, খুনিয়াপালং ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের শিশু সুরক্ষা কমিটির সদস্যদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়। শিশু সুরক্ষা কমিটির মাধ্যমে শিশুদের নিয়ে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কক্সবাজারের হিমছড়ি মেরিন ড্রাইভ সি-ফুড ক্যাফেতে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু সুরক্ষা কমিটির ১১৭ জন সদস্য, তিনটি ইউনিয়নের ইউপি সদস্য, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রামু ও উখিয়া উপজেলার সাংবাদিক এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা। সভাপতিত্ব করেন প্রকল্পের সিনিয়র ম্যানেজার মো. মর্তুজা আলী।

সভায় অভিজ্ঞতা বিনিময় করেন শিশু সুরক্ষা কমিটির সদস্য মো. জামাল হোসাইন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও শিশু সুরক্ষা কমিটির সভাপতি মিনু আরা বেগম, সদস্য নুর মোহাম্মদ, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য ও শিশু সুরক্ষা কমিটির উপদেষ্টা জানে আলম, মো. জয়নাল আবেদীন, পালংখালীর মো. ফয়েজ এবং আরিফ হোসেন।

কর্মক্ষেত্রে শিশু সুরক্ষা নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন বক্তারা। তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মানসিক ও সামাজিক বিকাশে ইতিবাচক পরিবর্তন আনতে ভবিষ্যতেও সম্মিলিতভাবে কাজ করে যাবেন।

শিশু সুরক্ষা কমিটিকে কারিগরি সহায়তা প্রদান করেন টেকনিক্যাল ম্যানেজার নাছিমা শাহীন।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত বক্তারা বলেন, প্রকল্পের কার্যক্রম শেষ হলেও শিশু সুরক্ষা কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিশুদের কল্যাণে তারা ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবেন।