জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
টেকনাফে এক স্কুলশিক্ষককে অপহরণের চেষ্টা এবং সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলার শিকার শিক্ষক হলেন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিন। তিনি হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজী মোহাম্মদ হোছাইনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো খারাংখালী এঞ্জেল কেয়ার একাডেমিতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার ব্যবহৃত গাড়ির গতিরোধ করে অপহরণের চেষ্টা চালায়। অপহরণে ব্যর্থ হয়ে হামলাকারীরা নুরুল আমিনকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। আহত নুরুল আমিনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, স্কুলশিক্ষককে অপহরণের চেষ্টা, হত্যাচেষ্টা, মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “সশস্ত্র হামলায় এক স্কুলশিক্ষক আহত হওয়ার খবর পেয়েছি। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
