আব্দুস সালাম,টেকনাফ :
টেকনাফে অভিযান চালিয়ে মাটির নিচে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী লুকিয়ে রাখা ১০টি তাজা গ্রেনেড,২৮রাউন্ড তাজা গোলা ও ২কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় দূর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (১৪জুন) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১৩জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা জাদিমুড়া নাফনদী সংলগ্ন এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বিপুল পরিমাণ তাজা গোলা ও গ্রেনেড বাংলাদেশের সীমানা ব্যবহার করে পরিবহনের উদ্দেশ্যে মাটির নিচে মজুদ রেখেছে। এমন তথ্যে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় মাটির নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত হয় এমন দুটি 36M Mk-Iহ্যান্ড গ্রেনেড, ৮টি 40 mm HEDP গ্রেনেড ও ২৮রাউন্ড ৭.৬২ মিঃ মিঃ তাজা গোলা ও ২কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় অস্ত্র ও মাদক পাচারকারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত গ্রেনেড ও তাজা গোলা ও গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।