এআর আরিফ, সিবিএন ডেস্ক ;
“মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’।
রবিবার (১৪ জুন) সকাল ১০টায় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল।
মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় খুদে বিজ্ঞানী ও তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবিত বিভিন্ন স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং নতুন নতুন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা অর্জন করে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজল বলেন, “আজকের খুদে বিজ্ঞানীদের চমৎকার উদ্ভাবনী চিন্তা দেখে আমি অভিভূত। তরুণদের এই মেধা ও উদ্ভাবনী শক্তিই আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার। সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর চিন্তাই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তরুণদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের স্টার্টআপ গড়ে তোলার বিষয়ে উৎসাহিত করতে হবে।”
এ সময় তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও সম্ভাব্য উদ্যোগ নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন।
উদ্বোধনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী প্রদর্শনী, আলোচনা সভা এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে সেরা স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া উপস্থাপনকারী দলগুলোর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ আরও বৃদ্ধি করবে এবং দেশের টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
