সিবিএন ডেস্ক:
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত মাদক কারবারি।
শনিবার (১৩ জুন) দুপুরে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ রহমতের বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি টহল দল রহমতের বিল গ্রামের কথিত ইয়াবা ব্যবসায়ী মো. ফয়সালের বাড়িতে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাড়ি থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪ বোতল বিয়ার, দুটি সামুরাই ব্যাটন, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “শনাক্ত মাদক কারবারিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।”
উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
