পেকুয়া প্রতিনিধি:
দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার আইনশৃঙ্খলা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে মাতামুহুরী থানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে থানা ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে থানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নতুন উপজেলা গঠনের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন থানা প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাতামুহুরী থানার কার্যক্রম চালুর ফলে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের পুলিশি সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, উপকূলীয় এ অঞ্চলের জনসংখ্যা, ভৌগোলিক বাস্তবতা এবং প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় মাতামুহুরী থানা প্রতিষ্ঠা একটি সময়োপযোগী উদ্যোগ। সরকারের লক্ষ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা প্রদান করা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, থানার কার্যক্রম শুরু হওয়ায় আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিভিন্ন কাজে এখন আর দূরবর্তী এলাকায় যেতে হবে না। এতে সময়, ব্যয় ও ভোগান্তি কমবে এবং দ্রুত সেবা পাওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের চকরিয়া-পেকুয়া সফর উপলক্ষে এদিন মাতামুহুরী উপজেলা, পেকুয়া পৌরসভাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়।
