মো. ফারুক এম. মনছুর আলম:

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় চকরিয়ার কোনাখালী ইউনিয়নের বটতলী স্টেশন এলাকায় আয়োজিত এক বিশাল জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই অঞ্চল বহুদিন ধরে উন্নয়ন থেকে পিছিয়ে ছিল। মাতামুহুরি উপজেলা গঠনের মাধ্যমে এখন থেকে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এই উন্নয়ন শুধু একটি উপজেলার নয়, বরং পুরো চকরিয়া–পেকুয়ার অগ্রযাত্রার নতুন অধ্যায়।

তিনি আরও বলেন, উপকূলীয় এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে যা যা প্রয়োজন, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তারা পৃথক বক্তব্যে নবগঠিত উপজেলার বাস্তবায়নকে জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রমকে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্বারোপ করেন বলে জানা যায়।

নবগঠিত মাতামুহুরি উপজেলা চকরিয়া উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। ইউনিয়নগুলো হলো— সাহারবিল, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, বিএমচর, কোনাখালী, ডেমুশিয়া ও বদরখালী।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।