পেকুয়া প্রতিনিধি :

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে বহুল কাঙ্ক্ষিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) বিকেল ৫টায় পেকুয়া শহিদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, পেকুয়ার সার্বিক উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে পৌরসভা প্রতিষ্ঠা একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, স্যানিটেশন ব্যবস্থা, সড়ক যোগাযোগ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সুবিধা আরও সম্প্রসারিত হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই হাজারো মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হন। দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে পেকুয়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এলাকার আর্থ-সামাজিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।