এম. মনছুর আলম, চকরিয়া:

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ (শনিবার) পর্যটন নগরী কক্সবাজার সফরে আসছেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম কক্সবাজার সফর। দিনব্যাপী এ সফরকে ঘিরে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে জনসভার মঞ্চসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রী সকাল ১০টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। সফরের শুরুতে তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন।

এরপর চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিনে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জনসভা শেষে মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন। পরে রাত ৮টায় কক্সবাজারে সুধী সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখবেন এবং রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী কক্সবাজারে অবস্থান করছেন। তাঁরা সফরস্থলগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন।

সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। জনসভাস্থল, ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান এবং প্রধানমন্ত্রীর চলাচলের রুটজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনের খবরে পুরো কক্সবাজারে উৎসবের আমেজ বিরাজ করছে। তাঁকে একনজর দেখতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।

নবগঠিত মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রীর আগমন মাতামুহুরীবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তাঁর হাতেই নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে, যা এ অঞ্চলের উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করবে।”

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক জানান, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অহিদুর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সফরসূচি নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।”