এআর আরিফ, সিবিএন ;
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
স্টল পরিদর্শনকালে তিনি বলেন, “বর্তমান সরকার শিক্ষা বিস্তারে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। আমাদের প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী হতে হবে। আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব আজকের শিক্ষার্থীরাই দেবে।”
আয়োজকরা জানান, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এ কর্মসূচি উপজেলা/থানা, জেলা এবং জাতীয়—এই তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপে নির্বাচিত ও বিজয়ীদের সরকারিভাবে পুরস্কৃত করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
