আবুল কাশেম, রামু;

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার আগমনকে ঘিরে রামু উপজেলা বিএনপির উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টায় রামু উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ শেখ আবদুল্লাহ, বিএনপি নেতা ফয়সাল কাদের, জাবেদ ইকবাল, খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এস. এম. ফরিদুল, লিয়াকত আলী খান, গোলাম কবির সওদাগর, আবদুর রহিম, আবদুল আলিম, ছৈয়দ আলম, মুসলেহ উদ্দীন চৌধুরী, ডা. ইব্রাহীম বাবুল, রাশেদ সিকদার, এনামুল হক প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে আসছেন। সফরকালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কক্সবাজার সদরের পিএমখালী এলাকার পাতলীখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া পেকুয়া ও চকরিয়ায় নবগঠিত উপজেলা ও পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন।

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, “দীর্ঘ সময় পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার আগমনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁকে বরণ করতে কক্সবাজারবাসী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কক্সবাজারের মানুষের প্রতি তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এই সফরকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।”