নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :

সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুন প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজার সফরে আসবেন বলে জানা গেছে।

সফরসূচির অংশ হিসেবে তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।

এ উপলক্ষে বুধবার (১০ জুন) বিকেলে ডুলাহাজারা সাফারি পার্কে গিয়ে সার্বিক প্রস্তুতি ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী (এমপি), জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না (এমপি), জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, এ. এম. আলী আকবর, বিএনপি নেতা নাজেম উদ্দিন এবং ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ পার্কের বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরিদর্শন উপলক্ষে গৃহীত প্রস্তুতি, সৌন্দর্যবর্ধন কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।