আবুল কাশেম, রামু;

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। বুধবার সকালে ওই গৃহবধূকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে স্থানীয়দের অনেকে এটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার ফল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের স্বামী আব্দুল হক স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ও হোমিওপ্যাথি চিকিৎসক বলে জানা গেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।”

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পারিপার্শ্বিক অবস্থা, পারিবারিক সম্পর্ক, সাক্ষীদের বক্তব্য এবং ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এ অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের মন্তব্য ছড়িয়ে পড়লেও তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।