রামু প্রতিনিধি:

রামু উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় রামু উপজেলা হিমছড়ি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর কাজল। সভা সঞ্চালনা করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম, রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ, সদস্য সচিব আবুল বশর বাবু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন, উপজেলা এলজিইডি কর্মকর্তা কফিল উদ্দিন, রামু প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা রামু উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় মাদক প্রতিরোধ, কিশোর গ্যাং নির্মূল, পাহাড় ও মাটি কেটে পরিবেশ ধ্বংস রোধ এবং চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনসাধারণের সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।