শেফাইল উদ্দিন :
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া ঢালায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (৮ জুন) বিকেল পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেদাকচ্ছপিয়া এলাকার ঝুঁকিপূর্ণ বাঁকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— টেকনাফের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত লোকাল বাসের চালক আলম এবং প্রায় ৮ মাস বয়সী এক শিশু, যার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা দূরপাল্লার এভারগ্রিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এএস আলম পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসচালক আলম ও শিশুটির মৃত্যু হয়। এছাড়া লোকাল বাসটির ছাদ বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি ঢালু ও ঝুঁকিপূর্ণ বাঁকে অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
