জসিম উদ্দিন টিপু, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) ভোর রাত ২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফের কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়াপাড়া এলাকার মো. হোসনের ছেলে মো. আলী (২৪) বলে জানা গেছে।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তি, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত প্রাইভেটকারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।