এআর আরিফ, সিবিএন;

জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সরকার। কর্মশালায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অনেকেই অসচেতনতার কারণে অনিরাপদ ও ভেজাল খাদ্য গ্রহণ করছেন। এ ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সচেতন হতে হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি খাদ্যসংশ্লিষ্ট সকল পক্ষ সচেতন হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যুগ্মসচিব আ.ন.ম. নাজিম উদ্দীন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান নাঈম, সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত সাহা, জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল কুমারসহ জেলার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, খাদ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও ভোক্তা সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।