জসিম উদ্দিন টিপু, টেকনাফ :

টেকনাফ সীমান্ত দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কোস্ট গার্ডের অভিযানে ৯ দালালসহ ৫৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ৫ জুন মধ্যরাতে শাহপরীরদ্বীপ ও বাহারছড়া সীমান্তসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯ জন দালাল এবং ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দালালদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধারকৃত ভুক্তভোগীদের পরিবারের কাছে হস্তান্তরের লক্ষ্যে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মানবপাচার রোধে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।