এআর আরিফ, সিবিএন;
‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’ এবং ‘সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি’— এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।
এসময় তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। তাই সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে বাড়ি ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
র্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের কক্সবাজারের উপপরিচালক মো. শামীম আল ইমরান, জেলা সিভিল সার্জন ডা. মো. ছাবের, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিংঞোসহ স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
