জসিম উদ্দিন টিপু, টেকনাফ :

প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার (৫ জুন) সেন্ট মার্টিন দ্বীপের এক কৃষকের মরিচক্ষেতে পাতা জালে অজগরটি আটকা পড়ে। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন বন বিভাগের পরামর্শে সাপটিকে উদ্ধার করেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় অজগরটি স্পিডবোটযোগে টেকনাফে নিয়ে আসা হয় এবং কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশীদ জানান, উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি। সাপটির বয়স আনুমানিক এক বছর হতে পারে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সেন্ট মার্টিন দ্বীপের লোকালয়ের একটি মরিচক্ষেতের জালে আটকে পড়া অজগরটি উদ্ধার করে টেকনাফ রেঞ্জের বন্যপ্রাণী অভয়ারণ্যের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে অবহিত করার আহ্বান জানান তিনি।